নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের আকাশে আজ কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সেই হিসেবে আগামী ২৮ শে সেপ্টেম্বর (বৃহস্পতিবার) পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী।
শুক্রবার (১৫ই সেপ্টেম্বর) ইসলামিক ফাউন্ডেশন বাইতুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত জানানো হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মু আ হামিদ জমাদ্দার।
ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪৪৫ হিজরী সনের বাংলাদেশের আকাশে রবিউল আউয়াল মাসের চাঁদ কোথাও দেখা যায়নি।ফলে ১৬ সেপ্টেম্বর সফর মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ১৭ ই সেপ্টেম্বর থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। আগামী ২৮ শে সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হবে।
সভায় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মহা বশিরুল আলম, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু আ আওয়াল হাওলাদার, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ন সচিব সাইফুল ইসলাম ভূঁইয়া, সিনিয়র উপপ্রধান তথ্য কর্মকর্তা আব্দুল জলিল, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের বৈজ্ঞানিক কর্মকর্তা ফরিদ উদ্দিন, বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের সহকারী প্রশাসক মোহাম্মদ শাহরিয়ার হক, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক জুলফিকার রহমান কুরাইশ, বাইতুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ই আলিয়ার, আল কুরআন বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ মাসুম বিল্লাহ, চকবাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান প্রমুখ।
