
ওয়াসিম উদ্দিন
মিরসরাই উপজেলা প্রতিনিধি চট্টগ্রাম
চট্টগ্রামের মিরসরাইয়ে জামায়াত-শিবিরের ৪৪ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মিরসরাই ৯ নং সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুল আজিজ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করেন।
মামলায় চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির নুরুল আমিন চৌধুরী, সেক্রেটারি আলা উদ্দিন শিকদার, মিরসরাই উপজেলা জামায়াতের আমির নুরুল কবির ও জোরারগঞ্জ থানা আমির নুরুল হুদা হামিদীসহ ৪৪ জনের নাম উল্লেখ করা হয়।
এছাড়া এ মামলায় এজাহারনামীয় তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিনগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ওয়াহেদপুর ইউনিয়নের মুসলিম নিকাহ রেজিস্ট্রার কাজী মাওলানা আবু বক্কর (৫০), কাজী কফিল উদ্দিন লতিফি (৫০) ও শাহাব উদ্দিন (৪৫)।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, মঙ্গলবার সকালে সুফিয়া রোড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম থেকে ঢাকামুখী লেনে একটি বিক্ষোভ মিছিল বের করে।
এসময় তারা সরকারবিরোধী স্লোগান দিয়ে মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে তারা পালিয়ে যায়। পরে পুলিশ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।
তিনি আরও বলেন, এ ঘটনায় আব্দুল আজিজ নামে আওয়ামী লীগের এক নেতা বাদী হয়ে ৪৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০ জনের বিরুদ্ধে মিরসরাই থানায় একটি মামলা করেছেন। মামলার এজাহারনামীয় তিন আসামিকে গ্রেফতার করে বুধবার সকালে কারাগারে পাঠানো হয়।