
জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটির (জেইউপিএস) আয়োজনে অন্তঃবিশ্ববিদ্যালয় আলোকচিত্র প্রতিযোগিতা ও দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার সংলগ্ন ছবি চত্বরে মিমেসিস ২.০ শীর্ষক দুই দিনব্যাপী এ প্রদর্শনীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তোলা ৩২ টি আলোকচিত্র প্রদর্শিত হয়।
দুইদিন ব্যাপী প্রদর্শনী শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলোকচিত্রী ডা. রশিদ উন নবী। আলোকচিত্র প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন প্রাণিবিজ্ঞানের অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন ও সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রাব্বি।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন সাজিদ ইবনে হাবিব (৪৪ ব্যাচ)। যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছেন সুহার্ত্য দৌলা অনিক (৫১ ব্যাচ) ও মাহবুব রিনাদ (৪০ ব্যাচ)। বিজয়ীদের সম্মাননা স্মারক ক্রেস্ট ও সনদপত্র তুলে দেয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফটোগ্রাফিক সোসাইটির উপদেষ্টা ও প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন বলেন, ‘সারা বিশ্ব যেখানে যুদ্ধ মারামারি—হানাহানিতে লিপ্ত, সেখানে একদল তরুণ শিক্ষার্থী শিল্প নিয়ে কাজ করছে। প্রকৃতির আবেদন সবার সামনে তুলে ধরছে এটা সত্যিই আশাব্যঞ্জক। শিক্ষার্থীদের এ কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকুক। আমরা এ শিল্প সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাই।’
প্রধান অতিথির বক্তব্যে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক বলেন, ‘একটা ভাল ছবি আত্মার শান্তি, মনে আনন্দ বয়ে আনে। শখ মানুষ্কে বাঁচিয়ে রাখে। বিশ্ববিদ্যালয়ের পাঠ নিয়ে ছাত্ররা পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে পড়বে। ছবি তোলা একটি অনন্য সাধারণ প্রতিভা। এর মাধ্যমে অন্যদের চেয়ে কাউকে আলাদা করে চেনা যায়। তোমাদের এ প্রতিভা আরো বিকশিত হোক এ কামনাই করি।’
এসময় অন্যান্যদের মধ্যে সংগঠনের সভাপতি রায়হান ইবনে সিদ্দিক, সাধারণ সম্পাদক আবিদ হাসানসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।