
রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত অফিস নথি ব্যবস্থাপনা ও সামাজিক দায়বদ্ধতা বিষয়ে প্রশিক্ষণ শুরু হয়েছে।
বুধবার (৬ ডিসেম্বর) সকাল ৯টায় ‘Training on Office File Management & Social Accountability’ শীর্ষক চার দিনব্যাপী এই প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী বক্তব্যে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম বলেন, কর্মক্ষেত্রে প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম, এই প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারীদের অধিকতর দক্ষতার সাথে দাপ্তরিক কার্যনির্বাহ ও সেবা প্রদানে বিশেষ ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।
আইকিউএসি’র পরিচালক অধ্যাপক দুলাল চন্দ্র রায়ের সভাপতিত্বে ও অতিরিক্ত পরিচালক অধ্যাপক মো. আব্দুর রশিদ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে নতুন নথি খোলা ও নোট লিখন, নথি রেকর্ড ও সূচিকরণ, তথ্য অধিকার আইন ২০০৯, অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বিষয়ে রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য প্রদান করেন, আইকিউএসসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক মো. মশিহুর রহমান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের উপ-পরিচালক মৌলি আজাদ, রাবি রেজিস্ট্রার অধ্যাপক মো. আব্দুস সালাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক (হিসাব) মো. আব্দুল্লাহ আল আনছারী, রাজশাহীর আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী পরিচালক আ. ত. ম. আব্দুল্লাহহেল বাকী।
চার দিনব্যাপী এই প্রশিক্ষণে প্রতিদিন ৫০জন করে কর্মকর্তা অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণ ৬ ডিসেম্বর ছাড়াও ৭, ১০ ও ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।