
সাতক্ষীরা প্রতিনিধি :
আওয়ামী লীগ সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরার নৌকার প্রার্থীদেরকে বিজয়ী করতে নেতা-কর্মীদের কাছে ভোট চাইলেন। তিনি বলেন, প্রতিটি ভোট কেন্দ্রে যেনো উৎসবমুখোর পরিবেশ সৃষ্টি হয়। আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের আহ্বানে ভার্চুয়াল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহবান জানান।
শনিবার বিকালে সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি এ,কে,এম ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জনসভায় সরকারের বিভিন্ন উন্নয়কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: নজরুল ইসলাম। আগামী নির্বাচনে জয়লাভ করতে পারলে নাভারন-মুন্সিগঞ্জ রেল লাইন স্থাপনের দাবি জানান শেখ হাসিনার কাছে। শেখ হাসিনা তার বক্তব্য মনযোগ সহকারে শোনেন। পরে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামিমা পারভিন রত্মা একটি দেশত্ববোধক গান পরিবেশন করে পুরো আনুষ্টান অন্যমাত্রায় নিয়ে যান। শেখ হাসিনা গান শুনে মুগ্ধ হন।
জনসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-৩ আসনের নৌকার প্রার্থী,সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা: আ.ফ.ম রুহুল হক, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-১ আসনের নৌকার প্রার্থী ফিরোজ আহমেদ স্বপন, সাতক্ষীরা-৪ আসনের নৌকার প্রার্থী এস এম আতাউল হক দোলন প্রমুখ।