
মেহেদী হাসান
নিজস্ব প্রতিবেদক।
এ বছরের সর্বোচ্চ গোলদাতা ক্রিস্টিয়ানো রোনালদো ছন্দটা ধরে রাখতে চান আগামী বছরও
এ বছরের সর্বোচ্চ গোলদাতা ক্রিস্টিয়ানো রোনালদো ছন্দটা ধরে রাখতে চান আগামী বছরওএএফপি
‘শেষ হইয়াও হইল না শেষ’—ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ারটা যেন রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া ছোট গল্পের এই সংজ্ঞার মতোই! কাতারে ২০২২ বিশ্বকাপে আশানুরূপ পারফরম্যান্স করতে না পারার পর অনেকেই ভেবেছিলেন, এই বুঝি শেষ রোনালদোর ক্যারিয়ার। বিশ্বকাপের পর ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে পর্তুগিজ তারকা সৌদি আরবের ফুটবলে নাম লেখানোর পর কেউ কেউ বলেছিলেন, আর কি রোনালদোকে তাঁর সেরা রূপে দেখা যাবে!
সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে প্রথম মৌসুমে সত্যই রোনালদো তাঁর সেরা সময়ের ধারেকাছেও যেতে পারেননি। অনেকেই তখন রোনালদোর ক্যারিয়ারের সমাধিলিপি লিখে ফেলেছিলেন। কিন্তু নামটা যে তাঁর রোনালদো, এত সহজে কি তিনি হার মানতে পারেন! তাই তো সৌদি আরবের ফুটবলের নতুন মৌসুমে ৩৮ বছর বয়সী রোনালদো যেন নতুন করে যৌবনপ্রাপ্ত হলেন। যাঁকে ২৫ বছরের টগবগে তরুণ কিলিয়ান এমবাপ্পেও ছুঁতে পারেন না।