
বিনোদন প্রতিবেদক :
দেশীয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া নতুন বছরটা পার করতে চান কাজের মধ্যে দিয়েই। মূলত এই কারণেই চলতি বছর নতুন করে বিয়ের কোনো পরিকল্পনা নেই তার। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, নতুন বছরে মূল ফোকাস থাকবে ক্যারিয়ারে। এই বছর দর্শকদের ভালো কিছু কাজ উপহার দিতে চাই। যা দর্শকদের কাছে নতুন এক ফারিয়ার পরিচয় করিয়ে দিতে চাই। তার সমসাময়িক অনেক নায়িকা সাম্প্রতিক সময়ে বিয়ের পিঁড়িতে বসলেও এখনও বিয়ে নিয়ে ভাবছেন না নুসরাত ফারিয়া। বিয়ে প্রসঙ্গে তার সাফ কথা – ২০২৪ সালে কোনো বিয়ের পরিকল্পনা নেই।
নতুন করে বিয়ে করা প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, নতুন বছরে অন্য কোনো দিকে তাকানোর সময় নেই। প্রেম, বিয়ে এমন কোনো সম্পর্কেই আপাতত আর জড়াতে চাই না। বিয়ের চিন্তা – ভাবনা করলেও সেটি আগামী বছর। আমি জানি, এই বছর বিয়ে নিয়ে আমাকে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হবে। তাই আগে থেকেই জানিয়ে দিলাম – চলতি বছর বিয়ের কোনো পরিকল্পনা নেই। ২০২৪ সালটি শুধুমাত্র কাজের মধ্যেই থাকতে চাই। এর বাইরে আর কিছুই না।
জানা যায়, নুসরাত ফারিয়া সবশেষ কাজ করেছেন ‘ফুটবল ৭১’ নামের একটি । এটি নির্মাণ করছেন দেবী খ্যাত নির্মাতা অনম বিশ্বাস। সরকারি অনুদানের এই ছবিতে ফারিয়ার পাশাপাশি আরও অভিনয় করেছেন আরিফিন শুভ, খায়রুল বাশার, ইরফান সাজ্জাদ, শরিফ সিরাজ, আজাদ আবুল কালাম, শতাব্দী ওয়াদুদসহ অনেকে। এটি বর্তমানে সম্পাদনার টেবিলে রয়েছে।
প্রসঙ্গত, ২০১৫ সালে বাংলাদেশ – ভারত যৌথ প্রযোজনার ছবি ‘আশিকি’র মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন তৎকালীন উপস্থাপক নুসরাত ফারিয়া। এরপর ‘হিরো ৪২০’, ‘বাদশা দ্য ডন’, ‘বস-টু’, ‘প্রেমী ও প্রেমী’, ‘ধ্যাততেরিকি’সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন তিনি। এর সবগুলোই যৌথ প্রযোজনার ছবি। একক বাংলাদেশী প্রযোজনায় তার অভিনীত ছবি ‘শাহেনশাহ’। এই ছবিতে তিনি শাকিব খানের বিপরীতে অভিনয় করেন। এছাড়া বঙ্গবন্ধুর বায়োপিকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ফারিয়া। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি গানেও সময় দিচ্ছেন এই গ্ল্যামারাস নায়িকা।