
বশেমুরবিপ্রবি প্রতিনিধি:
গোপালগঞ্জ জেলার গোবরা প্রাইমারি স্কুল মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগ সংশ্লিষ্ট ইন্টারন্যাশনাল ভেটেনারি স্টুডেন্ট এসোসিয়েশন (IVSA) বশেমুরবিপ্রবি শাখার আয়োজনে ফ্রি ভেটেরিনারি ক্যাম্পেইন ও ভ্যাক্সিনেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
আজ ২০ জানুয়ারি সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত হয় এই আয়োজন। এই ক্যাম্পেইনে প্রায় ৫০টি গবাদি প্রাণির ফ্রি ভেটেরিনারি মেডিকেল ট্রিটমেন্ট, মেডিসিন ও ভ্যাক্সিন প্রদান করা হয়। এছাড়াও খামারিদেরকে ভ্যাক্সিনেশন ও চিকিৎসা বিষয়ে সচেতন করা হয়।
IVSA বশেমুরবিপ্রবি শাখার সভাপতি মোঃ মহসিন হুসাইন বলেন, “এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য হলো প্রান্তিক খামারিদের মধ্যে ফ্রিতে ভেটেরিনারি সেবা এবং প্রাণিদের বিভিন্ন রোগের প্রতিরোধের সুরক্ষা হিসাবে ভ্যাক্সিনেশন প্রদান করা।” তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য হলো নিরাপদ খাদ্য উৎপাদনে খামারিদেরকে সহায়তা করা।”
এই ক্যাম্পেইনে আইভিএসএ বশেমুরবিপ্রবি শাখার শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। এছাড়াও বিভাগের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
খামারিরা এই ক্যাম্পেইনকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখেছেন। তারা বলেছেন, এই ক্যাম্পেইনের মাধ্যমে তারা তাদের গবাদি প্রাণিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পেরেছেন।