
স্পোর্টস ডেস্ক
দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করেছেন অলি পোপ। বাঁ-হাতের স্পিন ঘূর্ণিতে প্রত্যাশা ছাড়িয়ে গেছে টম হার্টির পারফরম্যান্স। দ্বিতীয় ইনিংসে তাদের দাপটে হায়দরাবাদ টেস্টের প্রথম ইনিংসে বড় লিড নিয়েও ২৮ রানে হেরেছে রোহিত শর্মার দল।
ভারত প্রথম ইনিংসে ১৯০ রানের লিড নিয়েছিল। টেস্টে প্রথম ইনিংসে বড় লিড নিয়েও হারের বাজে রেকর্ড গড়েছে ভারত। এর আগে ২০১৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গলে ১৯২ রানের লিড নিয়েও হেরেছিল ভারত। ওই হিসেবে এটি বড় লিড নিয়েও হারের তালিকায় দ্বিতীয় স্থানে ঠাঁই পেয়েছে।
হায়দরাবাদে টস জিতে ব্যাটিং নিয়ে প্রথম ইনিংসে মাত্র ২৪৬ রানে অলআউট হয়েছিল ইংল্যান্ড। দলটির অধিনায়ক বেন স্টোকস সর্বোচ্চ ৭০ রান করেছিলেন। ভারতের জাদেজা ও অশ্বিন ৩টি করে ও বুমরাহ ও অক্ষর প্যাটেল ২টি করে উইকেট নিয়েছিলেন।
জবাবে ভারত প্রথম ইনিংসে তিন সেঞ্চুরি মিস করলেও ৪৩৬ রানের বিশাল সংগ্রহ পায়। দলটির ওপেনার জশস্বী জয়সাওয়াল ৭৪ বলে ৮০, কেএল রাহুল ৮৬ ও রবীন্দ্র জাদেজা ৮৭ রান করে আউট হন। প্রথম ইনিংসে জো রুট নেন ৪ উইকেট। টম হার্টি ও রেহান নেন ২টি করে উইকেট।
দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ব্যাট হাতে দুর্দান্ত খেলেছে। তিনে নামা ব্যাটার অলি পোপ ১৯৬ রানের অসাধারণ ইনিংস খেলেছেন। এছাড়া ওপেনার বেন ডাকেট ৪৭ এবং লোয়ারে বেন ফোকস ও হার্টি ৩৪ করে রান যোগ করেন। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৪২০ রান তোলে। ভারতের ১৯০ রান শোধ দিয়ে ২৩১ রানের লক্ষ্য দাঁড় করায়।
ওই লক্ষ্য তাড়া করতে নেমে ১১৯ রানে ৭ উইকেট হারিয়ে হারের পথে পা বাড়িয়ে দেয় ভারত। রোহিত শর্মা ৩৯ রান করে আউট হন। লোয়ারে কেএস ভারত ও অশ্বিন দলের হার ধরেন। তারা ২৮ করে রান যোগ করেন। তারা দু’জন ফিরতেই ২০২ রানে অলআউট হয় ভারত। দ্বিতীয় ইনিংসে টম হার্টি ২৬.২ ওভারে ৬২ রান দিয়ে ৭ উইকেট তুলে নেন। ম্যাচ সেরা হয়েছেন অলি পোপ।