
বিনোদন প্রতিবেদক
ভারতীয় টিভি চ্যানেলের আলোচিত রিয়েলিটি শো ‘বিগ বস’ এর মুকুট পরতে পারলেন না বলিউড অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। তিনি সংসার – দাম্পত্য বাজি রেখেও বিজয়ী হতে পারেননি। এই শো’তে অঙ্কিতা কথায় কথায় তার প্রয়াত প্রেমিক বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রসঙ্গ টেনে এনেছেন সমবেদনা পাওয়ার। কিন্তু আকুল চেষ্টা করেও তাতে কোনো লাভ হয়নি। এসব চেষ্টার কোনো কিছুই জেতাতে পারেনি অঙ্কিতাকে। তাই শো শেষে চোখের পানিকে সঙ্গী করে বের হতে হলো ‘বিগ বস’ এর ঘর থেকে। ওই সময়ে স্বামী আর শাশুড়িকে পাশে না পেলেও নিজের মাকে পাশে পেয়েছেন অঙ্কিতা।
ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায়, ‘বিগ বস’ এর ঘরে ভিকি – অঙ্কিতার কর্মকাণ্ড নিয়ে এমনিতেই নিন্দা – সমালোচনার কমতি ছিল না। স্ত্রী অঙ্কিতা লোখান্ডেকে চড় মারার অভিযোগ উঠেছিল ভিকি জৈনের বিরুদ্ধে। তারপর থেকেই মন কষাকষি শুরু হয়। পরিস্থিতি এমন মোড় নেয় যে তাদের মায়েরাও পরস্পরকে দোষারোপ শুরু করেন। অঙ্কিতাকে তার শাশুড়ি বাঁকা কথায় বলায় সালমান খানও তাকে ছেড়ে কথা বলেননি। এক কথায় গত তিন মাস ভিকি – অঙ্কিতার দাম্পত্য যেন ‘বিগ বস’ এর ঘরে ‘সার্কাসে’ পরিণত হয়েছিল। এর কারণে অনবরত সংবাদের শিরোনামে থেকেছেন অভিনেত্রী অঙ্কিতা।
অনেকে ভেবেছিলেন দাম্পত্য কলহ, বিতর্ক, সাবেক প্রেমিকের স্মৃতিচারণ, পরকীয়ার ইঙ্গিত দিয়েই হয়তো ‘বিগ বস’ এর ঘরে বাজিমাত করবেন অঙ্কিতা লোখান্ডে। কিন্তু লাভ তো হলোই না। ফার্স্ট রানার আপ খেতাব নিয়েই তাকে সন্তুষ্ট থাকতে হলো। আর এই জন্য গ্র্যান্ড ফিনালে পর্বে সবার সামনে শাশুড়ির কাছে কথা শুনতে হয়েছে তাকে। ভিকি জৈনের মা অঙ্কিতাকে বলেন, পরিবারের মানসম্মান ডোবালে তুমি।