
বশেমুরবিপ্রবি প্রতিনিধি
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি নির্বাচন – ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনার শিক্ষক ঐক্য দলের হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক মো. ফায়েকুজ্জামান মিয়া ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ ও স্বাধীকারের চেতনায় বিশ্বাসী শিক্ষক পরিষদের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক সাদ্দাম হোসেন।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে প্রধান নির্বাচন কমিশনার ড. মো. গোলাম ফেরদৌস এই ফলাফল ঘোষণা করেন। এর আগে এদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে এই ভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট শিক্ষক ভোটার ৩০৮ জনের মধ্যে ২০৪জন শিক্ষক ভোট দেন।এতে মোট ১৫টি পদের মধ্যে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ ও স্বাধীকারের চেতনায় বিশ্বাসী শিক্ষক পরিষদের ৯ জন ও ৭ জন বিজয়লাভ করেন।বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ ও স্বাধীকারের চেতনায় বিশ্বাসী শিক্ষক পরিষদের সহ- সভাপতি পদে মাহবুব আলম, কোষাধ্যক্ষ পদে ড. মো. শরাফত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে গাজী মোহাম্মদ মাহবুব ও প্রচার সম্পাদক পদে মো. শাহাবুদ্দিন শিহাব বিজয় লাভ করেন। অন্যদিকে, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনার শিক্ষক ঐক্য দলের দপ্তর সম্পাদক পদে আবদুল্লাহ আল জোবায়ের ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে ড. আরিফুজ্জামান রাজীব জয়লাভ করেন। এর মধ্যে সমান ভোট পেয়ে যৌথভাবে যুগ্ম সাধারণ সম্পাদক পদে বঙ্গবন্ধু গাজী মোহাম্মদ মাহবুব ও ড. আরিফুজ্জামান রাজীব বিজয়ী হন।