
স্পোর্টস ডেক্স
জোফরা আর্চার ও বেন স্টোকস বড় মঞ্চে ইংল্যান্ডের সাফল্য পাওয়ার প্রধান দুই অস্ত্র। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তাই দুজনকেই পেতে চেয়েছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তবে অলরাউন্ডার হিসেবে পরিপূর্ণ ফিট হওয়ার জন্য স্টোকস নিজেকে এই টুর্নামেন্ট থেকে সরিয়ে নিয়েছেন। তবে আর্চারকে কোনোভাবে হারাতে চায় না ইংলিশরা। তাই তো তাকে মাঠে ফেরানোর ব্যাপারে খুব সাবধানী পদক্ষেপ নিচ্ছে ইসিবি।
গত বছরের মে মাসের পর আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি ইংল্যান্ডের এই গতিতারকাকে। যদিও আর্চারের কনুইয়ের চোট বেশ পুরোনো। যার কারণে দুই বছর তিনি জাতীয় দলের বাইরে ছিলেন। খেলতে পারেননি ২০২১ ও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ। কয়েক দফায় অস্ত্রোপচারের পর গত বছরের জানুয়ারিতে মাঠে ফেরেন তিনি। কয়েকটি ম্যাচ খেলার পর গত মে মাসে আবারও মাথাচাড়া দিয়ে ওঠে পুরোনো সমস্যা। ফলে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপেও তাকে পায়নি ইংল্যান্ড। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আর্চারকে খেলাতে চায় দেশটি, তাই তার মাঠে নামার সম্ভাব্য সময় জানিয়েছে।
এ নিয়ে স্বদেশি সংবাদমাধ্যম স্কাই স্পোর্টসের সঙ্গে কথা বলেছেন ইংল্যান্ড কোচ রব কি। আর্চারের বিশ্বকাপ খেলা নিয়ে তিনি জানান, ‘অবশ্যই (সে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে)। প্রাক-মৌসুমে সাসেক্সের সঙ্গে ভারতে ছিল আর্চার। সেখানে সে দ্রুতগতিতে বল করেছে এবং সত্যিই ভালো বোলিং করেছে। এখন সে ক্যারিবিয়ানে ফিরে গেছে, সেখানে কিছু ক্লাব ক্রিকেট খেলবে।’