
বিনোদন ডেস্ক
জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে গবেষণা কাজে বিশেষ সাফল্যের জন্যে বিশেষ সম্মাননা পাচ্ছেন চলচ্চিত্র ও নজরুল গবেষক অনুপম হায়াৎ। তিনি জাতীয় কবি নজরুল বিশ্ববিদ্যালয় প্রবর্তিত নজরুল পদক ২০২৪ পাচ্ছেন বলে ঘোষণা করা হয়েছে। তার সঙ্গে আরও তিন গুণীজন এই পদক পাচ্ছেন বলে জানা গেছে।
গেলো রোববার (১৯ মে) জাতীয় কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্যের অফিস কক্ষে অনুষ্ঠিত সভায় এই পদকের জন্য অনুপম হায়াৎসহ বাকি গুণী ব্যক্তিকে নির্বাচন করার ঘোষণা দেওয়া হয়। এর আগে, পদকের জন্য গঠিত নির্ধারিত কমিটি তাদের নাম সুপারিশ করে।
এই বছর পদকের জন্য নজরুল সংগীতে সঙ্গীতশিল্পী ডালিয়া নওশিন ও সালাউদ্দিন আাহমেদ এবং নজরুল গবেষণায় ড. গুলশান আরা কাজী ও অনুপম হায়াৎ নির্বাচিত হয়েছেন।
জানা গেছে, আগামী ২ জুন ঢাকায় বাংলাদেশ জাতীয় জাদুঘরে নজরুল পদক প্রদান ও নজরুল জন্মজয়ন্তীর সমাপনী অনুষ্ঠানে চার গুণীজনের হাতে পদক তুলে দেওয়া হবে। জাতীয় কবি নজরুল বিশ্ববিদ্যালয় আয়োজিত ১২৫তম নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদকপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।