
মোখলেসুর রহমান মাহিম
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
তীব্র গরমের পরে স্বস্তির বৃষ্টিতে যেন প্রান ফিরে পেয়েছে নজরুল বিশ্ববিদ্যালয়। সেই সাথে দৃষ্টিনন্দন হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস।
কাঠফাঁটা রোদ ও অসহ্য গরমে মানুষজন যখন নাজেহাল, ঠিক তখনই প্রানের সঞ্চার ঘটায় সৃষ্টিকর্তার রহমতের বৃষ্টি। ঘুর্ণিঝড় রেমালের কারণে গত দু-দিন যাবত টানা গুড়ি-গুড়ি বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া বয়ে যায় ক্যাম্পাসে। আবহাওয়া স্বাভাবিক হলে দৃশ্যমান হয়ে উঠে সজীব এক ক্যাম্পাস। সূর্যের আলোয় ঝলমল করছে বিশ্ববিদ্যালয়ের হল, অ্যাকাডেমিক ভবন, প্রশাসনিক ভবন সংলগ্ন লেকসহ বিভিন্ন স্থাপনা।
তীব্র তাপদাহের পর বৃষ্টির আগমনে ক্যাম্পাসের সার্বিক অবস্থা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শায়েরী সিদ্দিকা নিঝুম বলেন, “প্রকৃতি যেন আপন ভালোবাসায় গেঁথেছে আমাদের ক্যাম্পাসকে। সবুজের বুকে প্রাণ ফিরিয়ে দিতেই যেন স্রষ্টার রহমতের এ বৃষ্টি। বৃষ্টি পরবর্তী সময়টায় সূর্যের মৃদু সোনালি আলোয় ক্যাম্পাসটা যেন রাঙা হয়ে উঠেছে।”