
আন্তর্জাতিক ডেস্ক
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল বুধবার নাভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে নির্বাচনি প্রচারে গিয়ে তার শরীরে করোনা শনাক্ত হয়। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, বাইডেন করোনার মৃদু উপসর্গে ভুগছেন।
হোয়াইট হাউসের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনেও একই কথা বলা হয়েছে। করোনা শনাক্ত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্টের ব্যবহৃত উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে করে ডেলাওয়ার অঙ্গরাজ্যের উদ্দেশে রওনা দেন বাইডেন। সেখানে নিজ বাড়িতে সঙ্গনিরোধে থাকবেন তিনি। নাভাদা থেকে উড়োজাহাজে ওঠার আগে গাড়ি থেকে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি ভালো বোধ করছি।’
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছিলেন, যদি শারীরিক অবস্থার অবনতি ঘটে, তাহলে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারটি পুনর্বিবেচনা করবেন তিনি। মঙ্গলবার এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন বাইডেন।
মার্কিন কৃষ্ণাঙ্গদের প্রতি সহানুভূতিশীল সংবাদমাধ্যম বেট-কে মঙ্গলবার সাক্ষাৎকার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তিনি বলেছেন, “যদি আমার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং সেই সাথে চিকিৎসকরা যদি বলেন— আপনার এই সমস্যা আছে, ওই সমস্যা আছে….তাহলে আমি নির্বাচন থেকে সরে দাঁড়াব।”
প্রসঙ্গত, এই প্রথম নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। আর এই সাক্ষাৎকার প্রদানের ৪৮ ঘণ্টার মধ্যে তার প্রেস সেক্রেটারি ক্যারিন জিন পিয়েরে হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে জানান, বাইডেন করোনায় আক্রান্ত হয়েছেন এবং এই মুহূর্তে মৃদু উপসর্গে ভুগছেন।
আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন হবে যুক্তরাষ্ট্রে। সেই নির্বাচনে ডেমোক্র্যাট পার্টির প্রার্থী ৮১ বছর বয়সী জো বাইডেনের প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক প্রেসিডেন্ট ৭৮ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প, যিনি রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন।