
তুষার দেব
শ্রীমঙ্গল প্রতিনিধি
কমলগঞ্জ ও রাজনগরে ব্রিটিশ আমেরিকান টোবাকো লিমিটেডের সিলেট ও মৌলভীবাজার এর ডিস্ট্রিবিউটর মৌলা বক্স করিম বক্স লিমিটেড এর পক্ষ থেকে কমলগঞ্জ ও রাজনগরে পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। গতকাল সোমবার ৬০০ টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন তাঁরা।
দেশের বিভিন্ন জেলা ভয়াবহ বন্যা কবলিত হওয়ায় সেসব অঞ্চলে মানুষের সহযোগীতা করা এবং চলমান বন্যা মোকাবেলায় বহু সামাজিক সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠান ও শিক্ষার্থীরা মাঠে নেমেছে। বন্যা দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি ও ঔষধ সামগ্রী পৌঁছে দিচ্ছেন অনেকেই।
কমলগঞ্জের মুন্সিবাজার ইউনিয়নের বন বিষ্ণুপুর এলাকার এবং রামচন্দ্রপুর এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ২৫০ অসহায় পরিবারকে জরুরী খাদ্য সামগ্রী বিতরণ করে মৌলা বক্স করিম বক্স লিমিটেড। এছাড়া রাজনগরের কামারচাক ইউনিয়নের ইসলামপুর গ্রামে ৩৫০ পরিবারের মধ্যেও এই সহযোগিতা প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন উপস্থিত থেকে ত্রাণ-বিতরণ কার্যক্রম শুরু করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন মৌলা বক্স করিম বক্স লিমিটেডের ডিরেক্টর ফাহিম বক্স, মৌলা বক্স করিম বক্স লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার বেনজীর কবির, মৌলভীবাজারের বিজনেস ম্যানেজার গোপাল কর ও সিলেটের বিজনেস ম্যানেজার রাহাত সরকার।