
দুমকি (পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালীর দুমকিতে গোলাম সরোয়ার হাফেজি ও নুরানি মাদ্রাসায় প্রধান শিক্ষকসহ ৩জন শিক্ষককে জোরপূর্বক চাকরিচ্যুত করা এবং মারধরের প্রতিবাদে বিক্ষোভ করেছে মাদ্রাসার শিক্ষার্থী অভিভাবকসহ স্থানীয়রা। গত মঙ্গলবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত মাদ্রাসার সামনের সড়কে এ বিক্ষোভ করে । এ সময় বিক্ষোভকারীরা অন্যায়ভাবে চাকরিচ্যুত ৩জন শিক্ষককে চাকরিতে বহাল রাখা এবং শিক্ষকদের মারধরের ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের দাবি জানান।
জানাযায়, গত ১১ আগষ্ট মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিবারের সদস্যরা একটি কমিটি গঠন করে ২৫ আগষ্ট প্রধান শিক্ষকসহ ৩জন শিক্ষককে মারধর করে চাকরি থেকে পদত্যাগের জন্য জোরপূর্বক পদত্যাগ পত্রে স্বাক্ষর নেন। এতে ছাত্র অভিভাবকসহ স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ফলে গত মঙ্গলবার শিক্ষার্থীদের নিয়মিত পরীক্ষা থাকলেও তা বর্জন করে শিক্ষার্থীরা। এ ব্যাপারে দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী শিক্ষকরা।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হাওলাদার বলেন, আমরা মাদ্রাসার জমি দিয়েছি এবংমাদ্রাসা প্রতিষ্ঠা করেছি, প্রধান শিক্ষক সহ অন্যান্য ৩জন শিক্ষক বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি করায় তাদেরকে চাকরি থেকে বরখস্ত করা হয়েছে।
দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীন মাহমুদ বলেন, সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী যেহেতু সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কমিটির সভাপতি আমি তাই আমাকে ছাড়া এই মুহূর্তে কোন শিক্ষককে অব্যহতি দেওয়া কিংবা নতুন শিক্ষক নিয়োগ দেওয়ার কোন সুযোগ নেই। সকল কার্যক্রম স্বাভাবিক গতিতে চলবে।