
জাবি প্রতিনিধি
নারীর পর্দা ও ইসলামের বিধান নিয়ে শিল্পকলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালক জামিল আহমেদের মন্তব্যকে ‘সংবেদনশীল’ আখ্যা দিয়ে তার প্রতিবাদ ও পদত্যাগ দাবি করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা৷
আজ বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে এক মানববন্ধনে এ দাবি জানান তারা৷
মানববন্ধন শেষে একটি সংক্ষিপ্ত মিছিলে অংশ নেন শিক্ষার্থীরা৷ এসময় তাদের ‘ইসলামোফোবদের বিরুদ্ধে ডাইরেক্ট একশন, জামিলের পদত্যাগ- করতে হবে করতে হবে; পর্দা নিয়ে কটুক্তি- চলবে না চলবে না, ইসলাম নিয়ে কটুক্তি- চলবে না’ প্রভৃতি স্লোগান দিতে দেখা যায়।
মানববন্ধনে প্রাণরসায়ন বিভাগের শিক্ষার্থী বনি আমিনের সঞ্চালনায় শিক্ষার্থীরা জামিল আহমেদের বক্তব্যকে ইসলামোফোবিয়ার বহি:প্রকাশ বলে অভিহিত করেন এবং অবিলম্বে তার পদত্যাগ দাবি করেন। এসময় প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞানের শিক্ষার্থী ওসামা বলেন, দ্বিতীয় স্বাধীনতার পর এরকম প্রকাশ্যে ইসলামবিদ্বেষী বক্তব্য শিল্প কলা একাডেমির মহাপরিচালক পদে বসে তিনি কিভাবে দিতে পারেন? তার এই সাহস কিভাবে আসে? তার সাহসের যোগানদাতা কে বা কারা? আমরা চাই তিনি প্রকাশ্যে তাওবা করবেন এবং পদত্যাগ করবেন।
ফার্মেসি বিভাগের শিক্ষার্থী আহসান হাবিব বলেন, এদেশের সব মানুষই ধর্মপ্রাণ। বাংলাদেশ ৯০ শতাংশ মুসলিমের দেশ। এই দেশে ইসলামের বিপক্ষে আঘাত আসলে আমরা সহ্য করবো না। তাদের অন্য কোনো পোশাকে সমস্যা নাই কিন্তু বোরকা ও দাঁড়ি টুপিতেই তাদের সমস্যা। এরকম ইসলামোফোবিয়াদের বিরুদ্ধে আমরা সবসময় প্রতিবাদ করে যাবো।
৫১ ব্যাচের শিক্ষার্থী নাদিম মাহিমুদ বলেন, ওয়াজ মাহফিলের বিরুদ্ধে নাটক গল্প তৈরির কথা বলে তিনি শিয়ালের কাছে মুরগী বর্গা দিতে চান। নাটক সিনেমার মাধ্যমে মেয়েরা অশ্লীল পোশাক পরবে। এর মাধ্যমে তিনি এবং তার মতো ইসলামবিদ্বেষীরা ইসলামের সৌন্দর্য নষ্ট করবে।
এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।