
মুহাম্মাদ আবু সালেহ্, (ধামইরহাট প্রতিনিধি): নওগাঁর ধামইরহাটে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় ধামইরহাট উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের ব্যানারে বিভিন্ন বেসরকারি উচ্চ বিদ্যালয়, মাদ্রাসার শতাধিক শিক্ষক -কর্মচারী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। মানব বন্ধনে ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, দূর্গাপুর-বাসুদেবপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইদ্রিস আলী, প্রধান শিক্ষক মুকুল হোসেন, সুপারিনটেনডেন্ট নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তারা বৈষম্য দূরীকরণে মাধ্যমিক পর্যায়ে সকল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয়করণের দাবি জানান এছাড়াও জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখতে এবং দ্রুত শিক্ষা সংস্কার কমিশন গঠনের জন্য অন্তর্বর্তী সরকারের নিকট জোর দাবি পেশ করেন। মানববন্ধন শেষে শিক্ষকদের কয়েকজন প্রতিনিধি অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসারের নিকট জমা দেন।