
বরগুনা প্রতিনিধি
বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর যৌথ উদ্যোগে শনিবার আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস ২০২৪ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শুভ্রা দাস।
সভার শুরুতে তথ্য অধিকার আইন সম্পর্কে আলোচনা করেন, জেলা তথ্য অফিসার সেলিম মাহমুদ।
বরগুনার সরকারি অফিসের ওয়েবপোর্টাল পর্যবেক্ষন ও টিআইবির দাবী নিয়ে আলোচনা করেন, সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সভাপতি মনির হোসেন কামাল। আরও আলোচনা করেন, অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল ইসলাম হাওলাদার, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল, প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা কাদের ও সনাক সদস্য ডা. মনিজা।
সনাক সভাপতি বলেন, বাকস্বাধীনতা ও তথ্যের অবাধ অভিগম্যতা নিশ্চিতের মাধ্যমে স্বপ্নের “নতুন বাংলাদেশ” বিনির্মাণে অপরিহার্য হিসেবে তথ্য কমিশনকে দলীয়করণের সংস্কৃতি থেকে রক্ষা করে আমূল সংস্কার করতে হবে। অতীতের তথ্য গোপনীয়তার সংস্কৃতি যেন কোনোভাবেই আর চর্চায় ফিরে না আসে, তথ্য অধিকারের সুফল জনগণ যেন বাস্তবিক অর্থেই পায় সেটা নিশ্চিত করতে হবে। সার্বজনীন তথ্য অধিকার, প্রবেশগম্যতা ও জন-অংশগ্রহণ নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের যুগোপযোগী সংশোধনসহ ১৩ দফা সুপারিশও করা হয় আলোচনা সভায়। আলোচনা সভায় বরগুনা জেলার সরকারি অফিস সমূহের ওয়েব পোর্টাল পযর্বেক্ষণের মাধ্যমে প্রাপ্ত ঘাটতি সমূহ জেলা প্রশাসকের দৃষ্টিগোচরে এনে ওয়েব পোর্টালগুলোর হালনাগাদ নিশ্চিত করারও আহŸান জানানো হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম বলেন, তথ্য অধিকার আইন, ২০০৯ এর প্রস্তাবনায় দেশের সংবিধান প্রদত্ত সকল নাগরিকের চিন্তা, বিবেক ও বাক্-স্বাধীনতাকে অন্যতম মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আইনটি বাস্তবায়নের প্রধান অংশীজন হলো জনগণ ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ। জেলার সকল সরকারি ও বেসরকারি অফিস সমূহকে জনগণের তথ্য অধিকার নিশ্চিত করার নির্দেশনা দেন। জনগণকে তথ্য প্রদান করে ক্ষমতায়নের মাধ্যমে অনেক ক্ষেত্রেই দুর্নীতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। তাই সকল সরকারি অফিসের ওয়েবপোর্টাল হালনাগাদ করার জন্য সকলকে অনুরোধ করেন। এর ফলে তথ্য প্রদানের সংস্কৃতি আরো গতিশীল হবে। জনগণকে নির্ধারিত ফরমের মাধ্যমে তথ্য অধিকার আইন-২০০৯ প্রয়োগ করতে উৎসাহিত করে বক্তব্য শেষ করেন।
অনুষ্ঠানে নারী ও বিভিন্ন পেশার প্রতিনিধিসহ সহ ১১০ জন উপস্থিত ছিল।