
বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সকল অফিস, আবাসিক হল, স্ব-স্ব প্রতিষ্ঠান ও আবাসিক ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল ৯টায় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এ সময় তিনি উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান এবং মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস স্মরণ করেন।
এসময় তিনি আরও বলেন, “ভবিষ্যতের বাংলাদেশে গণতন্ত্রবিরোধী ও অন্যায়কারী ফ্যাসিস্ট কোনো অশুভ শক্তি যেন রাষ্ট্রীয় ক্ষমতায় না আসতে পারে, স্বাধীনতার ৫৫তম দিবসে এটাই হোক আমাদের শপথ।”
এরপর প্রভোস্ট পরিষদ, ফ্যাসিবাদবিরোধী শিক্ষক ও অফিসার সংগঠন, বিভিন্ন আবাসিক হল প্রশাসন, জাতীয়তাবাদী ছাত্রদল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি ও ছাত্র বিষয়ক উপদেষ্ট অধ্যাপক ড. মো. শহীদুল হকের সভাপতিত্বে আয়োজিত পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার ও প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
