
কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে এক বিএনপি নেতার ওপর নির্মম হামলার ঘটনায় এক আওয়ামী লীগ নেতার ভাগ্নেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী বিএনপি নেতা শাহাব উদ্দিন বর্তমানে গুরুতর আহত অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিয়ে এখন বাসায় অবস্থান করছেন।
পুলিশ জানায়, শনিবার (২০ এপ্রিল) রাতে কেরানীগঞ্জ মডেল থানার তারানগর ইউনিয়নের জয়নগর এলাকায় জমিতে মাটি ভরাটকে কেন্দ্র করে হামলার শিকার হন তারানগর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন এবং তার পরিবারের কয়েকজন সদস্য।
আহত শাহাবুদ্দিনের ভাই মাহতাব উদ্দিন জানান, ওই রাতে নিজেদের জমিতে মাটি ফেলার সময় প্রতিবন্ধকতা সৃষ্টি করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আউয়াল হোসেনের নেতৃত্বে একটি দল। এ সময় আওয়ামী লীগ নেতা আউয়াল হোসেন ও তার ভাগ্নে তাহের (৪৮) সহ ৮-১০ জন দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় শাহাব উদ্দিন ও তার পরিবারের সদস্যদের ওপর। আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে ধারালো রামদা দিয়ে কোপানো হয়। তার ডান চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, পিঠ ও গোড়ালিতেও গুরুতর জখম হয়েছে। আমি বাধা প্রদান করতে গিয়ে নিজেও হামলার শিকার হয়েছি। মাথায় ও শরীরে রড দিয়ে আঘাত করা হয়েছে আমাকে। এমনকি আমাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দা জানান, আমরা স্থানীয়রা কয়েকজন মিলে আহত অবস্থায় শাহাব উদ্দিন ও তার ভাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেই। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত ডাক্তার আহত শাহাব উদ্দিনকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে রেফার করে।
কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলু জানান, উক্ত ঘটনায় ইতিমধ্যে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা হয়েছে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যেই অভিযুক্তদের মধ্য থেকে তাহের নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকীদের ও গ্রেপ্তারে অভিযান চলছে।