
ভোরের বাংলা নিউজ ডেস্ক
দেশে বালু ও ভূমিদস্যুতা চরম পর্যায়ে পৌঁছে গেছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
সোমবার (১৯ মে) বেলা ১১টায় রাজশাহীর চারঘাট উপজেলায় পদ্মা নদীর ধারে বড়াল নদীর উৎসমুখ পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।
পরিবেশ উপদেষ্টা জানিয়েছেন, বালু ও ভূমিদস্যুতা বর্তমানে চরম পর্যায়ে পৌঁছেছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসকদের (ডিসি) জন্য ১০ দফা নির্দেশনা জারি করা হয়েছে। দিনে বা রাতে যেকোনো সময় অবৈধভাবে মাটি ও বালি উত্তোলনের ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, সমন্বিত পদক্ষেপের ফলে দেশের সকল নদী বাঁচাতে হবে। বড়াল নদ বাঁচাতে নদী পুনঃখনন এবং স্লুইসগেট অপসারণ করা হবে। দেশের বর্তমান প্রেক্ষাপটে স্লুইসগেটের আর প্রয়োজন নেই। আমরা যতদিন দায়িত্বে আছি ততদিনের মধ্যেই বড়ালের উৎসমুখ খনন করা হবে। এজন্য পানি উন্নয়ন বোর্ড থেকে পরিকল্পনা চাওয়া হয়েছে। পরবর্তী সরকার আসলে এটা আরও বিস্তৃত করতে পারবে।
তিনি আরও বলেন, ফারাক্কা চুক্তির মেয়াদ আরও দেড় বছর আছে। যথাসময়ে চুক্তি নবায়ন করা হবে বলেও জানান পরিবেশ উপদেষ্টা।