
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: মুনতাসিম সরকার সৌরভ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে “ফাইল ট্র্যাকিং সিস্টেম” বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বুধবার (৩০ জুলাই) সকালে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে এ কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, “ফাইল ট্র্যাকিং সিস্টেমের বাস্তবায়নের মাধ্যমে ফাইল স্থানান্তর, প্রক্রিয়াকরণ ও নিস্পত্তি কার্যক্রমে সময় সাশ্রয় হবে। এতে প্রশাসনিক স্বচ্ছতা, দায়বদ্ধতা ও গতিশীলতা নিশ্চিত হবে।” তিনি আরও বলেন, “এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা নতুন এই প্রযুক্তিভিত্তিক ব্যবস্থাপনা সম্পর্কে সম্যক ধারণা লাভ করবেন, যা ভবিষ্যতের কাজকে আরও সহজ ও ফলপ্রসূ করে তুলবে।”
ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ। ফাইল ট্র্যাকিং ব্যবস্থার কারিগরি দিক ও ব্যবহারবিধি তুলে ধরেন আইসিটি সেলের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মোঃ বেলাল হোসেন।
কর্মশালায় বিভিন্ন অনুষদ ও প্রশাসনিক দফতরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। এছাড়াও আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুল লতিফ এবং ড. মোঃ আব্দুর রকিব কর্মশালায় উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ডিজিটাল ফাইল ব্যবস্থাপনার এই উদ্যোগ ভবিষ্যতে ‘স্মার্ট ইউনিভার্সিটি’ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।