
মো নাজিউল্লাহ ভূইয়া
কেরানীগঞ্জ (ঢাকা), প্রতিনিধি
দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ঢাকা জেলা প্রশাসক (ডিসি) আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কেরানীগঞ্জ উপজেলা। এই ঐতিহাসিক সাফল্য উদযাপন করতে এবং খেলোয়ারদের অনুপ্রাণিত করতে বুধবার (১৩ আগস্ট) বিকেলে বামুনসুর কামাল’স ওয়েসিস রিসোর্টে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ফুটবলারদের হাতে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া। তিনি বলেন, “কেরানীগঞ্জের এই সাফল্য শুধু ক্রীড়াঙ্গনে নয়, আমাদের তরুণ সমাজের মনোবল ও স্বপ্নেরও বড় প্রেরণা।আগামীতে তারা যেন আরও বড় পরিসরে ভালো করে তাদের অনুপ্রেরণা যোগাতে আমাদের আজকের এই আয়োজন।
গত ২৯ জুলাই মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে কেরানীগঞ্জ উপজেলা ২–১ গোলে ধামরাই উপজেলাকে হারিয়ে শিরোপা জয় করে। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর এই বিজয় কেরানীগঞ্জের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা ও গর্বের স্রোত বইয়ে দিয়েছে।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) জান্নাতুল মাওয়া। আরও উপস্থিত ছিলেন শাক্তা ইউনিয়ন পরিষদের প্রশাসক হালিমা আক্তার, নয়াবাজার কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক মিয়া,শিক্ষক,অভিভাবক,
সাংবাদিক, ক্রীড়াবিদ ও ক্রীড়াপ্রেমীরা ।
উপস্থিত অতিথিরা সবাই খেলোয়াড়দের ভূয়সী প্রশংসা করেন।তারা বলেন, এই জয় শুধু ফুটবল মাঠের সাফল্য নয়—এটি কেরানীগঞ্জের তরুণদের স্বপ্ন, অধ্যবসায় ও দলগত প্রচেষ্টার উজ্জ্বল উদাহরণ। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এই ধারাবাহিকতা বজায় রেখে কেরানীগঞ্জ জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনেও গৌরব অর্জন করবে।
অনুষ্ঠানের শেষে বিজয়ীদের সঙ্গে আনন্দঘন মুহূর্ত ধরে রাখতে সবাই ছবি তোলেন, যা হয়ে থাকবে কেরানীগঞ্জের ক্রীড়াঙ্গনের এক গর্বিত স্মৃতি।