কক্সবাজার প্রতিনিধি//
কক্সবাজার কলাতলী সী-আলীফ হোটেল থেকে মা মেয়ের মরদেহ উদ্ধারের ঘটনায় নিহত সুমা দে এর স্বামী দুলাল বিশ্বাসকে গ্রেফতার করেছে ট্যুরিষ্ট পুলিশ।
শুক্রবার রাত ১২ টার দিকে তাকে চট্টগ্রাম থেকে আটক করা হয় ।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা শাহিন অভিযুক্তকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কক্সবাজারের হোটেল সী আলিফ থেকে পর্যটক স্ত্রী ও মেয়ের লাশ উদ্ধারের পর থেকে পলাতক দুলাল বিশ্বাসকে গ্রেফতারের অভিযানে ট্যুরিস্ট পুলিশের একাধিক দল মাঠে রয়েছে । পরে তথ্যযুক্তির সহায়তায় চট্টগ্রাম থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এর আগে শুক্রবার দুপুরে হোটেল সী আলিফের ৪১১নং কক্ষ থেকে মা ও মেয়ের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ। পরে সন্ধ্যা নাগাদ মরদেহ দু’টি উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।
হোটেল রেজিস্ট্রারে নিহত নারীর নাম সুমা দে ও স্বামীর নাম দুলাল বিশ্বাস বলে লিপিবদ্ধ রয়েছে। তাদের বাড়ি চট্টগ্রামের বাশঁখালীর বেলগাঁ, পুকুরিয়ায়।
হোটেল সী আলিফ কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৪ ফেব্রুয়ারি দুই ছেলে, এক মেয়েসহ তারা স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে হোটেল কক্ষ ভাড়া নেন। এরপর তারা কয়েক দিন কক্সবাজার শহরে ঘুরে বেড়ান।
পরে দুপুর ২টার দিকে হঠাৎ তাদের কক্ষের দরজা খোলা ও ভেতরে মা-মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তবে অন্য দুই ছেলেকে নিয়ে স্বামী আগেই পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে ৯৯৯ নাম্বারে ফোন করে পুলিশে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ।
এ বিষয়ে সন্ধ্যার দিকে কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম জানিয়েছিলেন, প্রাথমিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নিহতদের মরদেহ মর্গে রয়েছে।
