
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধ
গাইবান্ধা জেলা শহরে সিএনজি রাখার একটি ঘরে অভিযান চালিয়ে বস্তাভর্তি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। তবে এ ঘটনায় জড়িত মাদক কারবারি উজ্জ্বল মিয়া পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারেনি অভিযানকারী দল।
গত সোমবার (২৭ অক্টোবর) বিকেলে গাইবান্ধা সদর উপজেলার ব্রিজরোড মিস্ত্রিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পলাতক উজ্জ্বল মিয়া (৪৫) দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারি হিসেবে পরিচিত বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের গাইবান্ধা কার্যালয়ের সহকারী পরিদর্শক মো. এনামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিএনজি গ্যারেজের ভেতরে রাখা বস্তা থেকে গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়। টেপ দিয়ে মোড়ানো ৬টি পৃথক প্যাকেটে মোট ১৫ কেজি গাঁজা পাওয়া গেছে। তবে অভিযানের খবর পেয়ে উজ্জ্বল মিয়া পালিয়ে যান।
তিনি আরও জানান, এ ঘটনায় পলাতক উজ্জ্বল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।