বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ায় বেশ কিছু মোটরসাইকেল, রিকশা এবং সিএনজি চালিত অটোরিকশা গ্যারেজে রাত গভীর হওয়ার সাথে সাথে জুয়া এবং মাদকদ্রব্য বিক্রি ও সেবনের জমজমাট আসর বসে।
বাইরের মানুষ ও পুলিশ প্রশাসনের কাছে থেকে নিরাপদ থাকতে জুয়াড়ি ও মাদক ব্যবসায়ীরা বেছে নিচ্ছে এসব রিক্সার গ্যারেজ গুলো । গ্যারেজ গুলোতে মাদকের মধ্যে সর্বোচ্চ সেবন করা হয় ইয়াবা ও গাঁজা। বগুড়া শহরের বেশ কয়েকটা এলাকা ঘুরে জানা যায়, শহরের ভিতরে আন্ডারগ্রাউন্ড সহ বেশ কিছু গ্যারেজ রয়েছে।
স্থানীয়রা বলছেন, রাত বাড়লেই গ্যারেজগুলোর দরজা বন্ধ রাখায় ভিতরে কারও প্রবেশ করার সুযোগ থাকে না সেই কারণে ভিতরে কি হচ্ছে তা বোঝা মুশকিল হয়ে পড়ে। তবে গ্যারেজের ভিতরে অবস্থানরত মানুষের চিৎকার চেঁচামেচিতে ও গ্যারেজের ভিতর থেকে বের হওয়া ধোয়ার গন্ধে বোঝা যায় যে ভিতরে মাদক সেবন চলছে। দিনের চেয়ে রাতে আসর বেশি জমে এইসব গ্যারেজ গুলোতে।
বগুড়া শহরের মালগ্রাম, খান্দার, নারুলী, নাটাইপাড়া, চেলোপাড়া, মালতিনগর, জহুরুল নগর, নামাজগড়, কাটনারপাড়া, বৃন্দাবনপাড়া, ফুলবাড়িসহ বেশ কিছু এলাকায় এই গ্যারেজ গুলোর রয়েছে। রিকশা চালকদের পাশাপাশি বাইরের এলাকার স্কুল কলেজ পড়ুয়া উঠতি বয়সের ছেলেরা ছাড়াও গ্যারেজ মালিকের সাথে বহিরাগত মাদকসেবী ও জুয়াড়িরাও আসেন এমনটাই বলছেন উক্ত এলাকার স্থানীয় বাসিন্দারা।
সূত্র জানায়, স্থানীয় নেতাকর্মী, হলুদ সাংবাদিক এবং উক্ত এলাকার ফাঁড়ি পুলিশের কিছু অসাধু পুলিশ সদস্যদের ম্যানেজ করে এসব গ্যারেজ গুলোতে চলছে মাদক ও জুয়া খেলার আসর। এই জুয়ার আসর গুলো রিকশা গ্যারেজ মালিক এলাকায় তাদের প্রভাব খাটিয়ে মাদক ব্যবসা ও জুয়া পরিচালনা করছে।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম তুহিন জানান, জুয়া ও মাদক আমাদের সমাজের জন্য সবচাইতে বড় একটা অবক্ষয়। এটা বন্ধের জন্য পুলিশ প্রশাসনকে জোরালো ভাবে কাজ করতে হবে। জুয়াড়ি ও মাদক ব্যবসায়ীদের গোড়া থেকে উচ্ছেদ না করা গেলে পরবর্তী প্রজন্মের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে আমাদেরকে এগোতে হবে।
এই বিষয় নিয়ে বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস) আব্দুর রশিদ জানান, জুয়া ও মাদক ব্যবসা বন্ধে জেলা পুলিশ নিরালস ভাবে কাজ করে যাচ্ছে। জেলা গোয়েন্দা পুলিশের একাধিক টিম এটা নিয়ে কাজ করছে ও নিয়মিত অভিযান পরিচালনা করে অপরাধীদের আটক করতে সক্ষম হচ্ছে।
তবে, জুয়া ও মাদক নির্মূলে সবাইকে এগিয়ে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে বলেও জানান তিনি।
