
জাবি প্রতিনিধি :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (৫৪তম ব্যাচ) নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে জাতীয় ছাত্রশক্তি। এ উপলক্ষে বুধবার (১০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নবীনদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান, উপ-উপাচার্য (শিক্ষা) মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ এবং প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম। পাশাপাশি উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ, আরিফুল ইসলাম আদিব ও ফয়সাল মাহমুদ শান্ত।
এ সময় এস এম সাইফ মোস্তাফিজ বলেন, দীর্ঘদিনের ছাত্ররাজনীতি ও অ্যাক্টিভিজম তরুণদের নতুন করে স্বপ্ন দেখার শক্তি দিয়েছে—এটাই জুলাই গণঅভ্যুত্থানের বড় অর্জন। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, বরং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিক আন্দোলন দেশজুড়ে নতুন আশার সঞ্চার করেছে। ইতিহাসকে দলীয়করণের বাইরে রেখে সমষ্টিগতভাবে সংরক্ষণের ওপর গুরুত্ব দিয়ে তিনি আরও বলেন, রাজনীতি মানে ক্ষমতা নয়; বরং জনগণের অধিকার ফিরিয়ে দেওয়াই প্রকৃত দায়িত্ব। তরুণদের রাজনৈতিকভাবে সচেতন হয়ে ভুল-ত্রুটি প্রশ্ন করার আহ্বান জানান তিনি।
আরিফুল ইসলাম আদিব বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রথম পরিচয় যেমন গর্বের, তেমনি জীবনের শেষদিকে আরেকটি দৃঢ় পরিচয় তৈরি করাই আসল চ্যালেঞ্জ। তিনি বলেন, মানুষ স্বপ্নের সমান বড় নয়, পরিশ্রমের সমান বড়। জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীদের শুধু প্রতিবাদ ও সংস্কৃতির ক্ষেত্রেই নয়, বরং প্রশাসন, প্রযুক্তি, আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ও নেতৃত্বে আরও শক্ত অবস্থান গড়ে তুলতে হবে। ভবিষ্যৎ প্রজন্ম যেন এমন কিছু অর্জন করে যায় যা দেশকে গর্বিত করে—এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
ফয়সাল মাহমুদ শান্ত বলেন, যখন দেশে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমালোচনা করা দুঃসাহসিক ছিল, তখনও জাহাঙ্গীরনগর স্বাধীন মতপ্রকাশের পরিবেশ ধরে রেখেছিল। তিনি বলেন, জাবির বহু-সংস্কৃতিমূলক উন্মুক্ত পরিবেশ ভবিষ্যতেও বজায় রাখতে হবে, যাতে সব মতের মানুষ কথা বলতে পারে। পাশাপাশি তিনি বলেন, আগামী দিনে যে দলই ক্ষমতায় আসুক, ভুল করলে জাবিয়ানরাই সর্বপ্রথম তা সংশোধনের আওয়াজ তুলবে—এটাই বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য।
অনুষ্ঠান শেষে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।