
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনি।
গাইবান্ধায় জেঁকে বসেছে তীব্র কনকনে শীত। হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় জনজীবন যখন বিপর্যস্ত, তখন সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্নআয়ের অসহায়, দুঃস্থ ও প্রতিবন্ধী মানুষ। বিশেষ করে শিশু ও নারীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। এই শীতার্ত মানুষের কষ্ট লাঘবে উষ্ণতার পরশ নিয়ে পাশে দাঁড়িয়েছে যুব নারী ঐক্য পরিষদ, গাইবান্ধা।
সোমবার (৫ জানুয়ারি) সকালে গাইবান্ধা শহরের ফকিরপাড়া এলাকায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রায় ১০০ জন অসহায় নারী, শিশু ও প্রতিবন্ধীর হাতে বিভিন্ন শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুব নারী ঐক্য পরিষদ গাইবান্ধার সভাপতি মাজেদা খাতুন কল্পনা। তরুণ যুব নেত্রী নিশাদ তানজিম মুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাছির উদ্দীন শাহ্।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
প্রবীর চক্রবর্তী, নির্বাহী সম্পাদক, অবলম্বন।
মোঃ ফারহান শেখ, সাধারণ সম্পাদক, আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থা, গাইবান্ধা জেলা শাখা।
বক্তারা বলেন, “তীব্র শীতে গাইবান্ধার চরাঞ্চলসহ বিভিন্ন এলাকার মানুষ অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে। সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের নিজ নিজ অবস্থান থেকে এসব অসহায় মানুষের পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি। আমাদের সামান্য সহানুভূতি একটি শিশুর মুখে হাসি ফোটাতে পারে এবং একজন বৃদ্ধকে শীতের প্রকোপ থেকে রক্ষা করতে পারে।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মানবাধিকার কর্মী মোছাঃ বারেয়া বেগম গিনি, সেলিনা আক্তার সোমা, সাজেদা পারভীন রুনু, আন্জুয়ারা বেগম, ফিরোজা বেগমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। শীতবস্ত্র পেয়ে অসহায় মানুষগুলোর চোখে-মুখে আনন্দের আভা দেখা যায়।