
মোস্তাফিজুর রহমান আপেল,কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
পবিত্র বদর দিবস উপলক্ষে ঝিনাইদহের কোটচাঁদপুরে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) বিকাল ৫টায় কোটচাঁদপুর মডেল মসজিদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কোটচাঁদপুর আদর্শ থানা শাখার উদ্যোগে এ আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা জামায়াতের বাইতুল মাল সম্পাদক মাস্টার রেজাউল ইসলাম, কুশনা ইউনিয়ন আমির মাওলানা আতিকুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ এবং স্থানীয় মুসল্লিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, ইসলামের ইতিহাসে বদর যুদ্ধ সত্য ও ন্যায় প্রতিষ্ঠার এক গৌরবোজ্জ্বল অধ্যায়। সীমিত শক্তি ও স্বল্পসংখ্যক মুসলিম বাহিনী আল্লাহর উপর অটল বিশ্বাস ও দৃঢ় ঈমানের মাধ্যমে ঐতিহাসিক বিজয় অর্জন করেছিল, যা মুসলিম উম্মাহর জন্য চিরন্তন প্রেরণা।
বক্তারা পবিত্র কুরআনের সূরা আল-ইমরানের ১২৩ নম্বর আয়াত উল্লেখ করে বলেন, নিশ্চয় বদরের যুদ্ধে আল্লাহ তোমাদের সাহায্য করেছিলেন, তখন তোমরা ছিলে হীনবল। সুতরাং তোমরা আল্লাহকে ভয় কর, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মুজাহিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন আদর্শ থানা শাখার সভাপতি সিয়াম আহমেদ।
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।