
ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় গভীর রাতে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আহত স্বামী বর্তমানে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাটি ঘটেছে উপজেলার বলাবাড়িয়া গ্রামে। আহত উজ্জল খাঁ ওই গ্রামের জাহাঙ্গীর খাঁর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে স্বামী-স্ত্রী নিজ শয়নকক্ষে একই খাটে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক দেড়টার দিকে স্ত্রী রুবিনা আক্তার চায়না ধারালো ব্লেড দিয়ে ঘুমন্ত স্বামী উজ্জল খাঁর গোপনাঙ্গে আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে উজ্জল খাঁ চিৎকার শুরু করলে পরিবারের সদস্যরা ছুটে এসে রাত দুইটার দিকে তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, স্বামী উজ্জল খাঁ ও স্ত্রী চায়নার মধ্যে দীর্ঘদিন ধরেই পারিবারিক কলহ চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক অশান্তির জের ধরেই এ ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, আহত উজ্জল খাঁর ভাই মহসিন খাঁ বাদী হয়ে রুবিনা আক্তার চায়নাকে আসামি করে থানায় একটি এজাহার দায়ের করেছেন। মামলার ভিত্তিতে অভিযুক্ত চায়নাকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।