
মোহাম্মদ আব্দুন নুর রানা | সিনিয়র রিপোর্টার
ফরিদপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি আওয়াল খান লালন সক্রিয় রাজনীতি থেকে চিরবিদায়ের ঘোষণা দিয়েছেন। আজ শুক্রবার (১৭ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বার্তার মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানান।
নিজের পোস্টে লালন উল্লেখ করেন, আজ থেকে কোনো রাজনৈতিক দলের পরিচয়ে তিনি নিজেকে সম্পৃক্ত রাখবেন না এবং ভবিষ্যতে কোনো রাজনৈতিক নেতার সঙ্গেও তার কোনো ধরনের সংশ্রব থাকবে না। রাজনীতি ছাড়ার কারণ হিসেবে তিনি বর্তমান প্রেক্ষাপটকে ইঙ্গিত করে লিখেছেন, “বর্তমান পরিস্থিতিতে ভদ্র ও সুশীল সমাজে আমাদের মতো মানুষের প্রয়োজন নেই বলে আমি মনে করছি।”
ব্যক্তিগত জীবনে স্বাধীনভাবে চলার সিদ্ধান্ত জানিয়ে তিনি আরও বলেন: “ভবিষ্যতে কোনো রাজনৈতিক ব্যক্তি যেন আমাকে কোনো প্রয়োজনে যোগাযোগ না করেন। এখন থেকে আমার ব্যক্তিগত ও সামাজিক সকল কাজের দায়-দায়িত্ব আমি নিজেই বহন করব।
রাজনীতি থেকে দূরে থাকলেও জনকল্যাণমূলক কাজে সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন এই সাবেক ছাত্রনেতা। তিনি জানান, নিজের সামর্থ্য অনুযায়ী এলাকাবাসীর উন্নয়ন এবং বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে থাকাই এখন তার মূল লক্ষ্য।
সবশেষে, রাজনৈতিক ক্যারিয়ারে তার কোনো কথা বা আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে তার জন্য তিনি ক্ষমাসুন্দর দৃষ্টি কামনা করেছেন। আকস্মিক এই ঘোষণার পর স্থানীয় রাজনৈতিক মহলে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।