
খুবি প্রতিনিধি :
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) অধ্যয়নরত সাতক্ষীরা জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘সাতক্ষীরা স্টুডেন্ট’স ফোরাম’-এর নবীন কমিটির পরিচিতি সভা এবং ‘অনলাইন ফটোগ্রাফি প্রতিযোগিতা ২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ ২৫শে এপ্রিল ২০২৬, শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি আয়োজিত হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর মো. রেজাউল ইসলাম, এফডব্লিউটি ডিসিপ্লিনের শিক্ষক ড. মো. কামরুজ্জামান এবং এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষক ড. বিধান চন্দ্র সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের অ্যালামনাই সদস্য শেখ আবু শামীম।
সংগঠনের সভাপতি পারভেজ মোশারফ-এর স্বাগত ও সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হয়। কমিটির সাংগঠনিক সম্পাদক শরফুল আলম গাজী সংগঠনের সমসাময়িক কার্যক্রম ও ভবিষ্যৎ জনকল্যাণমুখী পরিকল্পনা তুলে ধরেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহ-সভাপতি শাহরিয়ার গালিব।
অনুষ্ঠানে অনলাইন ফটোগ্রাফি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বক্তারা আশা প্রকাশ করেন, এই সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের সাতক্ষীরা জেলার শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মেধাভিত্তিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করবে।