
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলায় পৃথক কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক শ্রম দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শ্রমিক দলের দুই গ্রুপ আলাদা আলাদা র্যালি ও সমাবেশের আয়োজন করে।
শুক্রবার (০১ মে) সকাল ১০টায় সাবেক উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আতিকুল ইসলাম বিপ্লব ও মোহাম্মদ সোলায়মান খান হাইয়ুমের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি ঢাকা-বরিশাল মহাসড়ক থেকে শুরু হয়ে উজিরপুর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান। এ সময় আরও বক্তব্য দেন শ্রমিক দল নেতা আতিকুল ইসলাম বিপ্লব, সাবেক সভাপতি সোলায়মান খান হাইয়ুম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল হাওলাদার এবং উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ খোকন ডাকুয়াসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা।
অপরদিকে, সকাল ১১টায় উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহাদুজ্জামান কমরেডের নেতৃত্বে আরেকটি মিছিল উজিরপুর টেম্পু স্ট্যান্ড থেকে বের হয়ে উপজেলা পরিষদ এলাকায় এসে সমবেত হয়।
এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উজিরপুর মডেল থানা-এর অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সম্ভাব্য সংঘর্ষ এড়াতে দুই গ্রুপকে পৃথক রাখা হয়।
এছাড়াও, আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষে উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনগুলোও যথাযোগ্য মর্যাদায় র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।