
কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি:ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক সেবার মান উন্নয়ন ও জনসেবাকে আরও গতিশীল করতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বুধবার (৬ মে) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ সভা আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ দীপা রানী সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি তদন্ত) আনসারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, জামায়াত নেতা মুয়াবিয়া হোসাইন, পৌর জামায়াতের আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস. এম. আশরাফুল আলম।
মতবিনিময় সভায় বক্তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে স্বাস্থ্যসেবা নিতে আসা সাধারণ মানুষের প্রতি আন্তরিক আচরণ নিশ্চিত করা, সঠিক সময়ে দায়িত্ব পালন এবং কর্মঘণ্টায় দায়িত্বে অবহেলা না করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানানো হয়।
বক্তারা আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি জনবান্ধব ও মানসম্মত স্বাস্থ্যসেবা কেন্দ্রে পরিণত করা সম্ভব হবে।