
কোটচাঁদপুর (ঝিনাইদাহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার আদর্শপাড়ার আবু মুসার ছেলে রাকিব হাসান তুফান নামে এক যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১২ মে) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাকিব হাসান তুফান দীর্ঘদিন ধরে তার বাবার কাছে একটি আইফোন কেনার দাবি জানিয়ে আসছিলেন। তবে পরিবারের পক্ষ থেকে আইফোন কিনে না দেওয়ায় অভিমান করে তিনি নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দেখতে পান তিনি আর বেঁচে নেই। পরে খবর পেয়ে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানার সাব-ইন্সপেক্টর অপু কুমার জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। আইনগত সকল প্রক্রিয়া সম্পন্ন শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে চলছে সুখের মাতম।