
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীকে মারধর করে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় তার দোকানসহ মোট চারটি দোকানে ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ পাওয়া গেছে।
রোববার বিকেলে উপজেলার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের জটাবাড়ী (মহিষমারা মোড়) বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী রফিকুল ইসলাম (৪২) মধুপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল খালেকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে জটাবাড়ী (মহিষমারা মোড়) বাজারে পাটের তৈরি খালি বস্তার ব্যবসা করে আসছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে রফিকুল ইসলাম বস্তা বিক্রির টাকা নিয়ে দোকানে বসে ছিলেন। এ সময় একই এলাকার হাবিব, মানিক, মুক্তার, নিঝুম ও আবদুল্লাহসহ কয়েকজন তার দোকানে এসে ৯০ হাজার টাকা চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে মারধর করে তার বাম হাত ভেঙে দেয় বলে অভিযোগ করা হয়েছে।
এ সময় তার কাছে থাকা প্রায় সাত লাখ টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালানো হয়। পাশাপাশি দোকানের সিসি ক্যামেরা, মনিটর, টেবিল, গ্লাসসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়। হামলার সময় আশপাশের আরও কয়েকটি দোকানেও ভাঙচুর চালানো হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ ঘটনায় মধুপুর থানা-এ লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীর ছোট ভাই আব্দুর রহিম।