
নীলফামারী প্রতিনিধি:
শরীয়তপুরে কর্তব্যরত চিকিৎসকের ওপর বর্বরোচিত হামলা, ভাঙচুর ও লাঞ্ছনার ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবীতে নীলফামারীতে মানববন্ধন করেছে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশন (বিপিসিএইচএ) এর নীলফামারী জেলা শাখা।
সোমবার (১৮ মে) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করে জেলার বিভিন্ন প্রাইভেট ক্লিনিকট ও হসপিতাল কর্তৃপক্ষসহ কর্মরতরা।
মানবন্ধনে বক্তারা বলেন, একজন চিকিৎসক যখন নিজের সর্বোচ্চ দিয়ে মানুষের জীবন বাঁচানোর সেবায় নিয়োজিত থাকেন, তখন কর্মস্থলে তাদের ওপর এমন সহিংসতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে দোষীদের গ্রেফতার পূর্বক বিচারের নিমিত্বে শাস্তি নিশ্চিত করতে হবে।
বক্তারা আরোও দাবী করেন, সারা দেশের মতো নীলফামারীর প্রতিটি চিকিৎসাকেন্দ্রেও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের শতভাগ নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোক্তা এবং স্বাস্থ্যকর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বর্বরোচিত ওই হামলার ঘটনার প্রতিবাদ জানান।