
কোটচাদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর এলাকায় স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়া বাসায় বসবাসের অভিযোগে এক মুসলিম পুরুষ ও এক হিন্দু নারীকে আটক করেছে পুলিশ। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
রোববার (১৮ মে) দুপুরে কোটচাঁদপুর পৌরসভার ব্রিজঘাট মোড় এলাকার একটি চারতলা ভবনের তৃতীয় তলা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহেশপুর উপজেলার পুড়াদা গ্রামের গনি মাস্টারের ছেলে নাসির উদ্দিন (৪৬) গত ১৫ মে থেকে যশোর জেলার চৌগাছা উপজেলার বর্ণী গ্রামের বাসিন্দা বাসনা রানী (৪২)-কে স্ত্রী পরিচয়ে নিয়ে ওই বাসায় বসবাস করছিলেন। বাসনা রানী দুই সন্তানের জননী এবং তার স্বামীর নাম শ্যামল কুমার নায়েক।
স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে বাসনা রানীর পরিবারের সদস্যদের অবহিত করেন। পরে পরিবারের সহায়তায় কোটচাঁদপুর থানা পুলিশ রোববার দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে অভিযান চালিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে।
ভবনটির মালিক তোতা মিয়া বলে জানা গেছে। তিনি ব্রিজঘাট মোড় এলাকার বাসিন্দা।
কোটচাঁদপুর থানা সূত্র জানায়, আটক দুজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।