
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি :
নড়াইলের কালিয়া উপজেলায় বন্ধক রাখা মোটরসাইকেল ফেরত নেওয়াকে কেন্দ্র করে এক গৃহবধূর বাড়িতে অনধিকার প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকার ও একটি আইফোন চুরির অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মামলার অভিযুক্তরা হলেন লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের মৌলভী ধানাইড় গ্রামের বি.এম. শফিকুল ইসলাম (২৯) ও তার আত্মীয় বি.এম. রফিকুল ইসলাম।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ মার্চ ২০২৬ তারিখে শফিকুল ইসলাম তার মোটরসাইকেলটি ভুক্তভোগী মোছা. ছালমা বেগমের (৩৮) কাছে বন্ধক রাখেন। পরবর্তীতে টাকা ফেরত ও মোটরসাইকেল হস্তান্তরকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ৩ মে দুপুরে অভিযুক্তরা ছালমা বেগমের বাড়িতে যান। পরে সন্ধ্যার দিকে তারা চলে যাওয়ার পর ঘরে রাখা নগদ ১ লাখ ১৫ হাজার টাকা, প্রায় ১ ভরি ৪ আনা স্বর্ণালংকার এবং একটি আইফোন ১৫ প্রো ম্যাক্স খোয়া যায়। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ ২৮ হাজার টাকা বলে দাবি করা হয়েছে।
ঘটনার পর ভুক্তভোগী ১৬ মে কালিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে বিষয়টি তদন্ত শুরু করেছে পুলিশ।
এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, “ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”