
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি :
দক্ষ প্রশাসনিক নেতৃত্ব, জনবান্ধব সেবা নিশ্চিতকরণ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রানী সরকার খুলনা বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নির্বাচিত হয়েছেন।
প্রশাসনিক দক্ষতা, সুশাসন প্রতিষ্ঠা, সরকারি সেবার মানোন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে অনন্য ভূমিকার জন্য তিনি এ সম্মাননা অর্জন করেন।
দীপা রানী সরকারের নেতৃত্বে কোটচাঁদপুর উপজেলায় বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি, অবকাঠামোগত উন্নয়ন, বৃক্ষরোপণ, শিক্ষার মানোন্নয়ন এবং সামাজিক সচেতনতামূলক কার্যক্রম ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। তাঁর কর্মদক্ষতা ও উদ্ভাবনী উদ্যোগ স্থানীয় জনগণের কাছেও ব্যাপক গ্রহণযোগ্যতা লাভ করেছে।
এ অর্জনে কোটচাঁদপুর উপজেলার সর্বস্তরের জনগণ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা করছেন, তাঁর নেতৃত্বে উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ায় দীপা রানী সরকারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা বলেন, তাঁর এ সাফল্য শুধু কোটচাঁদপুর নয়, সমগ্র ঝিনাইদহ জেলার জন্য গৌরবের বিষয়।
প্রতিক্রিয়ায় দীপা রানী সরকার বলেন, “এই অর্জন আমার একার নয়। উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের সহযোগিতার ফলেই এ স্বীকৃতি অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও জনগণের কল্যাণে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করে যেতে চাই।”
এ সম্মাননা কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।