ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে বাধা ও এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে কথিত সাংবাদিক আনোয়ার হোসেন আরিফের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ জুন) দুপুরে উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের নতুনহাট বাজার এলাকায় ‘সচেতন নাগরিক ও ভুক্তভোগী পরিবার’-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন চর ভূরুঙ্গামারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শামসুল হক, ইউনিয়ন যুবদলের সভাপতি লাবলু, সাধারণ সম্পাদক রঞ্জু আহমেদ, ছাত্রদল নেতা আহসান হাবীব, স্থানীয় বাসিন্দা রোকন মিয়া এবং ভুক্তভোগী ফারুক হোসেনসহ অন্যান্যরা।
বক্তারা অভিযোগ করেন, আনোয়ার হোসেন আরিফ দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, অপহরণ ও মাদক-সংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে বলেও দাবি করেন তারা।
তাদের অভিযোগ, সম্প্রতি পুলিশের মাদকবিরোধী অভিযান জোরদার হওয়ায় একটি স্বার্থান্বেষী চক্র আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং মানববন্ধনের মতো কর্মসূচির মাধ্যমে পুলিশকে বিতর্কিত করার চেষ্টা করছে।
বক্তারা আরও বলেন, মাদকের বিস্তার রোধে পুলিশের চলমান অভিযান অব্যাহত রাখা জরুরি। এ বিষয়ে প্রশাসনকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
এদিকে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আনোয়ার হোসেন আরিফের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, “মাদকবিরোধী অভিযানে ক্ষুব্ধ কিছু মাদক কারবারি এসআই জাহেদুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে মানববন্ধনের আয়োজন করেছিল। এর প্রতিবাদে এলাকার সচেতন মানুষ ও ভুক্তভোগীরা আজ মানববন্ধন করেছেন। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”
ভূরুঙ্গামারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন বলেন, “স্থানীয়ভাবে চিহ্নিত কিছু মাদক কারবারি কয়েকদিন আগে মাদকবিরোধী অভিযানের প্রতিবাদে মানববন্ধন করেছিল। এর জবাবে আজ বৃহৎ পরিসরে সচেতন নাগরিকরা মানববন্ধন করেছেন। মাদক নির্মূলে জনগণের এই সচেতনতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাদক ও অপরাধ দমনে পুলিশের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদারের দাবি জানান।
সদ্য প্রাপ্ত ::
- আওয়ামী লীগের দুই সাবেক সংসদ সদস্যের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- মধুপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত
- ঘাটাইলে শ্রেষ্ঠ সমবায়ী হলেন এনায়েত করিম
- অন্য সুন্দরীদের পেছনে ফেলে যেভাবে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি
- উজিরপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় জাতীয় সমবায় দিবস পালিত
- কোটচাঁদপুরে মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড
- পলাতকদের দেশে এসে মামলার মোকাবিলা করা উচিত: শেখ রবিউল আলম
- সরকারি সেবা নিতে এসে কেউ যেন হয়রানির শিকার না হন: প্রধানমন্ত্রী
- রাজাপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস ২০২৬ ইং উদযাপন
- কেশবপুরে খাদ্য সংকটে কালোমুখো হনুমান
মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬