টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের কালিহাতী থানায় দায়ের করা এক স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি ইসতিয়াক হাসান নিলয় (২২)-কে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল।
র্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যা আনুমানিক ৬টা ৩৫ মিনিটে টাঙ্গাইল সদর উপজেলার ছোট কালী মন্দির এলাকার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। স্কুলে যাতায়াতের পথে অভিযুক্ত ইসতিয়াক হাসান নিলয় দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত ও প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি ভুক্তভোগীর পরিবার জানতে পেরে অভিযুক্তকে এ ধরনের আচরণ থেকে বিরত থাকতে বললে সে ক্ষিপ্ত হয়ে অপহরণের পরিকল্পনা করে।
গত ১ জুন রাত আনুমানিক ১০টার দিকে ভুক্তভোগী প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাইরে বের হলে, আগে থেকে ওঁৎ পেতে থাকা অভিযুক্ত ও তার সহযোগীরা বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে তাকে অপহরণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ৩ জুন কালিহাতী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৭/৩০ ধারায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই প্রধান আসামি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলছিল।
র্যাব-১৪, সিপিসি-৩-এর গোয়েন্দা দল ছায়াতদন্ত এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালিহাতী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।