
নীলফামারী প্রতিনিধি:
’আপনাদের মত আপনার সন্তানও যেন সেলাই এর উপর নির্ভরশীল হতে না হয়। সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দেশ ও জাতীর কল্যাণে নিয়োজিত করতে প্রতিশ্রুতিবদ্ধ হোন। জেলা প্রশাসন আপনাদের পাশে আছে’ বলেছেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
বুধবার(৮ জুলাই) সকালে নীলফামারী পৌরসভার উদ্যোগে পৌরসভা হল রুমে আয়োজিত নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ”আপনারা সিনেমায় দেখেছেন পরিশ্রম করে সেলাই মেশিন চালিয়েই বড় ফ্যাক্টরীর মালিক হওয়ায় যায়। এটা শুধু সিনেমাতেই সীমাবদ্ধ হয়, বাস্তবেও এমন অনেক উদাহরণ রয়েছে। আজ হয়তো আপনি উদ্যোক্তা, এই সেলাই মেশিন দিয়ে শুরু করুন, পরিশ্রমের মাধ্যমে আপনিও হতে পারেন বড় ফ্যাক্টরীর মালিক।”
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নীলফামারী পৌরসভার প্রশাসক মো. সাইদুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা তারিক রেজাসহ বিভিন্ন সরকারী দপ্তরের প্রতিনিধিগণ।
নীলফামারী পৌরসভার প্রশাসক সাইদুল ইসলাম বলেন, “নীলফামারী পৌরসভার পক্ষ থেকে ৯টি ওয়ার্ডের মোট ১০০জন উদ্যোক্তাদের স্বাবলম্বী করতে তাঁদের মাঝে একটি উন্নত মানের সেলাই মেশিন বিতরণ করা হয়েছে এবং এটি চলমান থাকবে।”