
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট জেলার কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের মঘিয়া গ্রামের প্রাচীন কালীবাড়ি ও শিববাড়ি মন্দিরকে সরকার সংরক্ষিত প্রত্নসম্পদ হিসেবে ঘোষণা করেছে। বাংলাদেশ গেজেটে ০৯ ই জুলাই ২০২৬ ইং প্রকাশিত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ৩০ জুন ২০২৬ ইং প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই তথ্য পাওয়া যায়। ইতিপূর্বে এই প্রত্নস্থানটি সংরক্ষণের জন্য সেভ দ্যা হেরিটেজ অব বাংলাদেশ, মন্দির কমিটি ও বাগেরহাটের সচেতন নাগরিকরা প্রত্নতত্ত্ব অধিদপ্তরে উক্ত দুটি প্রত্নতত্ত্ব সম্পদকে সংরক্ষণের জন্য আবেদন করেন, আবেদনের পর বাগেরহাট জাদুঘরের কাষ্টোডিয়ান জনাব মোঃ যায়েদ সরেজমিনে পরিদর্শন করে সংরক্ষণযোগ্য মর্মে খুলনা আঞ্চলিক অফিসে প্রতিবেদন প্রদান করেন। খুলনা থেকে সুপারিশ প্রাপ্ত হয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরে ফাইলটি পৌছায় এরপর অধিদপ্তর থেকে জেলা প্রশাসকের কার্যালয়, বাগেরহাটে ভূমি তফসিল ও মতামত চাওয়া হয়, জেলা প্রশাসকের কার্যালয় থেকে ভূমি তফসিল ও ইতিবাচক মতামত অধিদপ্তরে পৌঁছালে অধিদপ্তর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে সংরক্ষিত প্রত্নসম্পদ হিসেবে গেজেট ভূক্তির সুপারিশ করে প্রতিবেদন প্রদান করে। বর্তমানে প্রত্নস্থানটিতে দুটি মন্দির ও একটি স্থাপনার ধ্বংসাবশেষ দেখা যায়, যা জরাজীর্ণ অবস্থায় রয়েছে। বর্তমানে প্রত্নস্থানে পূজা-অর্চনা চালু আছে। প্রত্নস্থানটি দ্রুত প্রত্নতাত্ত্বিক সংস্কারের প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করেন সেভ দ্যা হেরিটেজ অব বাংলাদেশ, মন্দির কমিটি ও সচেতন নাগরিকরা