
ফুটবল বিশ্বকাপ মানেই বিশ্বজুড়ে এক অন্যরকম উন্মাদনা। চার বছর পর পর অনুষ্ঠিত হওয়া এই মহাযজ্ঞ শুধু একটি ক্রীড়া আয়োজন নয়; এটি কোটি কোটি মানুষের আবেগ, ভালোবাসা ও আনন্দের এক সম্মিলিত প্রকাশ। প্রিয় দলের পতাকা, জার্সি, খেলোয়াড়দের নিয়ে আলোচনা, রাত জেগে ম্যাচ উপভোগ—সবকিছু মিলিয়ে বিশ্বকাপ যেন একটি বৈশ্বিক উৎসবে পরিণত হয়।
আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। ফুটবলপ্রেমীদের চোখ এখন সেই কাঙ্ক্ষিত মুহূর্তের দিকে। কে হবে বিশ্ব চ্যাম্পিয়ন—এই প্রশ্নের উত্তর জানার অপেক্ষায় পুরো বিশ্ব। তবে এই আনন্দের সময়েও কিছু বিষয় নিয়ে আমাদের ভাবা প্রয়োজন!
খেলাধুলা মানুষের মনকে প্রফুল্ল করে, পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি করে এবং প্রতিযোগিতার মাধ্যমে সহনশীলতা শেখায়। কিন্তু কোনো আনন্দ যখন নিয়ন্ত্রণহীন আবেগে পরিণত হয়, তখন তা কখনো কখনো নেতিবাচক প্রভাবও তৈরি করতে পারে। বিশ্বকাপ ঘিরে উচ্ছ্বাসের পাশাপাশি আমাদের ব্যক্তিগত দায়িত্ব ও সামাজিক সচেতনতার কথাও মনে রাখতে হবে। অনেক সময় খেলার প্রতি অতিরিক্ত আসক্তির কারণে শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ নিজেদের প্রয়োজনীয় দায়িত্ব থেকে দূরে সরে যায়। রাত জেগে নিয়মিত খেলা দেখা, দৈনন্দিন রুটিনের ব্যাঘাত কিংবা গুরুত্বপূর্ণ কাজ অবহেলা—এসব বিষয়ও বিবেচনায় রাখা জরুরি। কারণ বিনোদন তখনই সুন্দর, যখন তা জীবনের ভারসাম্য নষ্ট করে না।
আবার প্রিয় দলের জয়-পরাজয়কে কেন্দ্র করে অনেক সময় উত্তেজনা সীমা অতিক্রম করে। প্রতিপক্ষ দল বা সমর্থকদের প্রতি অসম্মান, সামাজিক মাধ্যমে আক্রমণাত্মক মন্তব্য কিংবা অযাচিত বিরোধ—এসব কোনোভাবেই ক্রীড়ার চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সম্প্রতি বাংলাদেশে দুই দলের সমর্থকদের বিরোধে এক ব্যক্তির প্রাণহানির মতো ঘটনাও ঘটেছে। একটি দলের প্রতি ভালোবাসা যেমন স্বাভাবিক, তেমনি অন্য দলের প্রতি সম্মান দেখানোও একজন প্রকৃত ক্রীড়াপ্রেমীর পরিচয়। ফুটবল বিশ্বকাপ আমাদের সামনে বিশ্বের বিভিন্ন সংস্কৃতি ও মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি করে। এটি আমাদের শেখায়—প্রতিযোগিতা থাকবে, কিন্তু বিদ্বেষ নয়; আবেগ থাকবে, কিন্তু তার সঙ্গে থাকতে হবে সংযম ও সৌজন্য।
বিশ্বকাপের ফাইনাল ঘিরে যখন উত্তেজনা তুঙ্গে, তখন আমাদের মনে রাখা দরকার—খেলা আমাদের ঐক্যবদ্ধ করার জন্য, বিভক্ত করার জন্য নয়। আনন্দের এই মুহূর্ত যেন কারও অশান্তির কারণ না হয়, সেটিই হওয়া উচিত আমাদের প্রত্যাশা। ফুটবল শুধু মাঠের ৯০ মিনিটের লড়াই নয়; এটি শৃঙ্খলা, অধ্যবসায়, সম্মান ও মানবিকতারও শিক্ষা দেয়। তাই বিশ্বকাপ ফুটবল উপভোগ ও প্রিয় দলকে সমর্থন করার পাশাপাশি সবকিছুর ঊর্ধ্বে রাখতে হবে নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে। কারণ একটি সুন্দর খেলা তখনই সত্যিকারের সুন্দর হয়ে ওঠে, যখন তার সঙ্গে যুক্ত থাকে সুন্দর আচরণ ও দায়িত্বশীল মনোভাব।
খেলাধুলা মানুষকে বিনোদন দেয়, চিত্ত-মনের খোরাক জোগায় ঠিকই; কিন্তু সেই বিনোদনের নামে অনিয়ন্ত্রিত চর্চা, সময়ের অপচয় ও নৈতিক স্খলনের বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকতে হবে। মাঠের খেলা মাঠেই সীমাবদ্ধ থাকুক, তা যেন আমাদের সামাজিক শান্তি এবং নৈতিক মূল্যবোধকে ধ্বংস করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।
উম্মে হানি,
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়