
জামালপুর প্রতিনিধি
জামালপুরে ২০২৫-২৬ সালের মেয়াদোত্তীর্ণ ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ডিলারদের পুনঃনবায়ন বন্ধ রাখার নির্দেশনা প্রত্যাহার করে বর্তমান ডিলারদের পুনঃনবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে টিসিবি ডিলারদের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন জামালপুরের টিসিবি ডিলার শাহারিয়ার হোসেন সবুজ, শহীদুজ্জামান সজীব, শামীম হোসেনসহ অন্যান্য ডিলাররা।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে টিসিবির ডিলাররা সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। বিশেষ করে নিম্নআয়ের মানুষের কাছে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে ডিলাররা দায়িত্ব পালন করছেন। অথচ ২০২৫-২৬ সালের মেয়াদোত্তীর্ণ ডিলারদের পুনঃনবায়ন বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
এতে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করা বর্তমান ডিলাররা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন বলে দাবি করেন তারা। তাই পুনঃনবায়ন বন্ধ রাখার নির্দেশনা প্রত্যাহার করে বিদ্যমান ডিলারদের পুনঃনবায়নের ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান বক্তারা।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন টিসিবি ডিলাররা।