
বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে বিশেষ মাদকবিরোধী অভিযানে ২৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আরও এক মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়।
বাসাইল থানা পুলিশ জানায়, গত শুক্রবার (৩১ জুলাই) রাত প্রায় ৯টা ৫০ মিনিটে বাসাইল পৌরসভার পূর্ব মধ্যপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সজীব মিয়া (২৯), পিতা: আব্দুস সালাম এবং সজীব (২৫), পিতা: নুর মিয়া—উভয়কে গ্রেপ্তার করা হয়। তাদের প্রত্যেকের কাছ থেকে ১০ পিস করে মোট ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানের সময় একই এলাকার পারভেজ (২৮), পিতা: মৃত মোকসেদ আলী, পুলিশ উপস্থিতি টের পেয়ে তার হেফাজতে থাকা ৪ পিস ইয়াবা ট্যাবলেট বসতঘরের সামনে ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশ ওই ইয়াবাগুলো জব্দ করে।
এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামি ও পলাতক পারভেজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ১০(ক) ধারায় বাসাইল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, অভিযুক্তরা পেশাদার মাদক কারবারি। দীর্ঘদিন ধরে তারা বাসাইল সদরসহ আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিল বলে স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে।
জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার দুই আসামিকে শনিবার (১ আগস্ট) যথাযথ পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।
বাসাইল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি)আলমগীর কবির এ তথ্য নিশ্চিত করেছেন।