
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি:
প্রধানমন্ত্রী, তারেক রহমানসহ দেশবরেণ্য রাজনীতিবিদদের সম্পর্কে এনসিপি নেতা নাসিরউদ্দীন পাটোয়ারির দেওয়া কথিত অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে নড়াইলের লোহাগড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ আগস্ট) দুপুরে “আমরা জুলাই যোদ্ধা, নড়াইল জেলা”-এর উদ্যোগে লোহাগড়া উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জুলাই যোদ্ধার আহ্বায়ক মো. জুবায়ের। বক্তব্য রাখেন লোহাগড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস.এ. সাইফুল্লাহ মামুন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শম জামসেদ আলম, সাংগঠনিক সম্পাদক শাহ আলম সিকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক খান মাহমুদ আলমসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং জুলাই যোদ্ধারা।
বক্তারা এনসিপি নেতা নাসিরউদ্দীন পাটোয়ারির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, দেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান এবং ভবিষ্যতে এমন মন্তব্যের পুনরাবৃত্তি না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করেন।
এর আগে লক্ষ্মীপাশা বাজার এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন জুলাই যোদ্ধারা। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশস্থলে এসে শেষ হয়। সেখানে নাসিরউদ্দীন পাটোয়ারির বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা।